ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ডা. ইফতেখারুজ্জামান বলেছেন, সাধারণ মানুষ দুর্নীতি করে না, ক্ষমতাশালীরাই দুর্নীতি করে। দেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের ওপরই দুর্নীতি হয়। দুর্নীতি জাতীয় সমস্যা, দুর্নীতি একটি আন্তর্জাতিক সমস্যা, দুর্নীতি যারা করে তারা আমাদের সমাজের সম্মানিত ব্যক্তি, রাজনৈতিক স্বদিচ্ছা থাকলে যারা দুর্নীতি করে তাদের আইনের আওতায় এনে বিচার করা সম্ভব।
বুধবার বিকেলে সনাক লক্ষ্মীপুর জেলা কমিটির আয়োজনে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : সম্ভাবনা ও চ্যালেঞ্চ’ শীর্ষক মতবিনিমিয় সভায় তিনি এ কথা বলেন।
সনাক জেলা সভাপতি বনশ্রী পাল চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দেশে উন্নয়নের জন্য আমরা গর্ব করি। গত ১০ বছরে জাতীয় প্রবৃদ্ধির হার বেড়েছে। আমাদের সরকারের মন্ত্রীরা বলেন, আমরা যদি দুর্নীতি দূর করতে পারতাম তাহলে আরো ভালো হতো। স্বচ্ছতা ও জবাবদিহিতা গণতন্ত্রের পূর্ব শর্ত ।
সনাক জেলা কামিটির সদস্য গাজী গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মো. আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. গোলাম ফারুক, সহকারী পুলিশ সুপার সার্কেল মো. নাসিম মিয়া, অধ্যাপক রফিকুল হাসান, অধ্যাপক মো. খলিলুর রহমান চৌধুরী প্রমুখ।
