কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৫৯
কুষ্টিয়ার সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
 
র‌্যাবের তথ্য মতে, নিহত দুইজন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সক্রিয় সদস্য। নিহতরা হলো- ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মৃত্তিকাপাড়া গ্রামের মৃত আনছার শেখ’র ছেলে আকাউদ্দিন হিয়া (৪৫) ও একই গ্রামের জলিল শেখ’র ছেলে লিয়াকত আলী (৪০)। 
 
র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, বুধবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পাশে স্বস্তিপুর গ্রামের ডানপাশে একটি বাঁশবাগানে বসে বড় ধরনের অপরাধ সৃষ্টির জন্য চরমপন্থীরা গোপন বৈঠক করছে- এমন সংবাদে রাত সাড়ে তিনটার দিকে র‌্যাবের একটি দল সেখানে গেলে চরমপন্থীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় 'বন্দুকযুদ্ধ'। এ সময় গুলিবিদ্ধ হয়ে আকাউদ্দিন হিয়া ও লিয়াকত আলী নিহত হয়।
 
ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি বন্দুক, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।