মুন্সীগঞ্জের বেতাকায় ভাসমান এবং শহরের যোগিনীঘাটে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ দুটি লাশ উদ্ধার করা হয়। লাশ দু’টি ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্ব স্ব থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
টঙ্গীবাড়ি উপজেলার বেতকা প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে এক ব্যক্তির (৫৫) ভাসমান লাশটি উদ্ধার করা হয়। তবে এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসেন জানান, শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে মারা গেছে। লোকটি বাড়ি এই এলাকায় নয়। তবে আশাপাশের লোকজনের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, লোকটি পাগল হিসাবে এখানে পরিচিত ছিল।
এদিকে মুন্সীগঞ্জ শহরের যোগিনীঘাটের একটি বাড়ির আমগাছে ঝুলন্ত অবস্থায় রিকশা চালক নয়ন মিয়ার (১৮) লাশ উদ্ধার হয়েছে। মাফলারে গলায় ফাঁস দিয়ে আমগাছে ঝুলন্ত ঝুলন্ত ছিল। তিনি পার্শ্ববর্তী দক্ষিণ ইসলামপুরের মৎস্যজীবী সিরাজ মিয়ার ছেলে।
নয়নের মা রাশিদা বেগম জানান, যোগিনী ঘাটের রিকশা গ্যারেজেই বন্ধুদের সঙ্গে রাতে ঘুমাতেন নয়ন।
সদর থানার এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থলে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
