এ কেমন শত্রুতা!

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৯
পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামে এক কৃষকের তিনটি গরু বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 
 
জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার বিশ্বনাথপুর গ্রামে কৃষক মো. শরীফ মিয়া বাড়ির সামনে একটি আট মাসের গর্ভবতী গাভী, একটি ষাঁড় ও একটি বকনা বাছুর বেঁধে রাখেন। শরীফ মিয়া রাতে গরু গুলো গোয়াল ঘরে রাখার জন্য নিতে এসে গরু গুলো মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। 
 
শরীফ মিয়া জানান, বর্তমান বাজারে মৃত গরু গুলোর মূল্য প্রায় এক লক্ষ টাকা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা বিষয় খাইয়ে গরু গুলো হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষক মো. শরীফ মিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরে অভিযোগ করলে চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে মৃত গরুগুলোর ময়না তদন্ত করেছেন। 
 
এ প্রসঙ্গে পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন বলেন, 'ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ না পাওয়াতে আইনানুগ ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না।'