কুমিল্লায় ডাকাত ধরতে গিয়ে ধস্তাধস্তিতে ওসিসহ চার পুলিশ আহত হয়েছেন। এ সময় আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করে পুলিশ। জেলার হোমনা চৌরাস্তা এলাকায় বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
আহতরা হচ্ছেন- হোমনা থানার ওসি আবুল ফয়সাল, এসআই নাজমুল, এসআই নুরুদ্দিন জাহাঙ্গীর ও কনস্টেবল স্বপন মিয়া।
আটক ডাকাতরা হচ্ছে- আকাশ ওরফে কালা (২৩), শফিকুল ইসলাম শফিক (২৫), সুমন (২৬), রবিউল ইসলাম (২৯), হবিউল্লাহ (৩৫) ও কবির (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে একদল ডাকাত জেলার দাউদকান্দির গৌরিপুর থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে ডাকাতি করতে যাচ্ছিল। পথিমধ্যে হোমনার চৌরাস্তা এলাকায় অটোরিকশাটিকে থামানোর জন্য সংকেত দেয়। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে।
হোমনা থানার ওসি আবুল ফয়সাল জানান, ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে তিনিসহ ৪ পুলিশ সদস্য হাতে-পায়ে ব্যথা পেয়েছেন। আটক ৬ ডাকাতের কাছ থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ২টি রামদা, ৪টি মুখোঁশ, ১টি লোহার গেট কাটার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদসহ মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে থানার ওসি জানিয়েছেন।
