কুমিল্লায় ভুয়া কর্নেলসহ ৩ প্রতারক আটক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৪
কুমিল্লার একটি আবাসিক হোটেল থেকে ভুয়া কর্নেলসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
 
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় বিভিন্ন লোকজনকে চাকরির ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়। আটক প্রতারকরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া গ্রামের মিজানুর রহমান ওরফে ভুয়া কর্নেল মিজান (৩৪), বরুড়া উপজেলার কাসেড্ডা গ্রামের কবির হোসেন (৪৫) ও চাঁদপুর জেলার সদর উপজেলার ইছুল্লি গ্রামের ছামিয়া আক্তার (২৯)।
 
জানা গেছে, জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার বিলাস হোটেলে কর্নেল পরিচয়ে কয়েকজন লোক বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে- এমন খবর পেয়ে জেলা ডিবি পুলিশের এসআই মো. শাহ কামাল আকন্দ পিপিএম ও এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে বুধবার অভিযান চালানো হয়। এ সময় ওই হোটেলের ১১৪নং কক্ষ থেকে মিজানুর রহমান ওরফে ভুয়া কর্নেল মিজান, কবির হোসেন ও ছামিয়া আক্তারকে আটক করা হয়।
 
এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।