আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা করেছে কোকা-কোলা বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাদাব আহমেদ খান।
তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে বাংলা ভাষায় পানীয় বোতল বাজারজাত শুরু করেছে কোকা-কোলা। এর অাওতায় পারিবারিক ৯ সম্পর্কের নামে বাজারে পাওয়া যাবে আন্তর্জাতিক ব্র্যান্ডের এ কোমল পানীয়। সেগুলো হলো- বাবা, মা, ভাইয়া, আপু, দাদু, নানু, বন্ধু, মামু ও বাংলা।
আয়োজন প্রসঙ্গে শাদাব আহমেদ খান বলেন, আমরা ক্রমবর্ধমান এক বৈশ্বিক পৃথিবীতে বাস করি। তারপরও বিশ্বজুড়ে এমনকিছু আছে, যার কোন বিকল্প নেই-আপন মাতৃভাষায় নিজের ভালোবাসা ও নিজেকে প্রকাশ করতে পারার আনন্দের কোন বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, ভাষার এই মাসে বাংলাদেশের মানুষরা আপন মাতৃভাষায় নিজেদের ভালবাসা ও আনন্দ ছড়িয়ে দিতে পেরে আনন্দিত হবেন।
এই কার্যক্রমের সঙ্গে পুরো জাতি একাত্মবোধ করবে বলে আশা প্রকাশ করে আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মধ্য দিয়ে মাতৃভাষা-ই ভালবাসা ও আনন্দ প্রকাশে সবচেয়ে উপযুক্ত মাধ্যম এই প্রত্যয় উপস্থাপিত হবে। বাংলাদেশে ভাষার মাস হিসেবে ‘ফেব্রুয়ারি মাস’ বিশেষ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। বাংলাদেশের ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় আজ বিশ্বব্যাপি ‘২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা’ দিবস হিসাবে উদযাপিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তাপস কুমার মন্ডল, আব্দুল মোনেম লিমিটেডের চীফ অপারেটিং অফিসার গাজী এম শামসুদ্দিন।
