ভবিষ্যত প্রজন্মকে দায়িত্ব দিলেন মিরাজ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪১
 
আশা জাগিয়েও যুব বিশ্বকাপের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে মিরাজদের। তাই সেই স্বপ্নকে আরো দূর নিয়ে যেতে ভবিষ্যত প্রজন্মকে দায়িত্ব দিলেন বর্তমান সময়ের অধিনায়ক।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ বললেন, ‘আস্তে আস্তে আমরা উন্নতি করছি। মুশফিক ভাইরা পাঁচ নম্বর হয়েছিল, আমরা আরেকটু এগোলাম। আশা করি, সামনের প্রজন্ম আরো এগোবে। ওরা চিন্তা করবে, চ্যাম্পিয়ন-রানার্সআপ হতে হবে।’
 
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য ছিল ২০০৬ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বে দলটির পঞ্চম হওয়া। সেই সাফল্যকে ছাড়িয়ে এবার প্রথমবারের মতো যুব বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছে বাংলাদেশ। হাতছানি ছিল আরো বড় সাফল্যের।
 

প্রত্যাশা আর প্রাপ্তির নানা হিসাব-নিকাশ মেলানোর চেষ্টা করলেন মিরাজ, ‘চ্যাম্পিয়ন বা রানার্সআপ হওয়া বড় কথা নয়। ১৬টি দলের বিশ্বকাপ, ১০টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে আমরা ওপরের দিকে আছি। একটা বিশ্বকাপে আমরা সেরা তিন-চারে আছি, এটাও কম কথা নয়।’