ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ২০১৩ ও ২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি স্বরূপ ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে 'ডিন্স এ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে এই এ্যাওয়ার্ড প্রদান করেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বনামধন্য বুদ্ধিজীবী ও ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ডিন্স এ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, 'নিয়মিত লেখাপড়া ও কঠিন পরিশ্রমের ফলে তোমরা এই এ্যাওয়ার্ড অর্জন করেছো এবং এর ফলে পরিবার, সমাজ, দেশ ও জাতির প্রতি তোমাদের দায়িত্ববোধ বেড়ে গেছে। তোমরা তোমাদের ওপর অর্পিত এই দায়িত্ব সঠিক ও যথাযথভাবে পালন করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'
