সংস্কারের অভাবে বেতাগী উপজেলার উত্তর বেতাগী গ্রামের বিষখালী নদীর পাড়ের পানি উন্নয়ন বোর্ডের রক্ষা বাঁধটি দিন দিন নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বাঁধ সংস্কারে ইতোমধ্যে গ্রামের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত এলাকায় মানববন্ধন করেছেন।
সিডর ও আইলায় ভেঙে যাওয়া রক্ষা বাঁধ সংস্কারের জন্য পাঁচ বছর আগে ২০১১ সালে ব্লক তৈরি করে বাঁশ, বালি ও বস্তার চট রেখে গেছেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। এরপর ওই ঠিকাদারের আর খোঁজ নেই। ওই সময়ে তত্কালীন পানি সম্পদ মন্ত্রী রক্ষা বাঁধের যে অংশে দাঁড়িয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছিলেন। তারও আজ কিছুই নেই। সবই বিলীন হয়ে গেছে বিষখালী নদীগর্ভে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষার জন্য ইতিপূর্বে এখানে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। যার কাজও সম্পন্ন করা হয়েছে। তবে এলাকার মানুষের মুখে ভিন্ন সুর। ভুক্তভোগীদের অভিযোগ, বাঁধ মেরামতের নামে লাখ লাখ টাকা লুট হয়েছে। বাঁধের অনেক অংশ বিলীন হয়ে গেছে। বাকি অংশও ধসে পড়ছে। বাঁধের ভাঙন পয়েন্ট দিয়ে জোয়ারের পানি ঢুকে লবণাক্ত পানির প্রবাহে গাছপালা বিশেষ করে ফলজ বৃক্ষের পাতাগুলো পুড়ে গেছে। বাসিন্দারা পারছে না ফসল ফলাতে। বিশেষ করে বর্ষা মৌসুমে বাসিন্দাদের প্রায়ই অভুক্ত কাটাতে হয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম বলেন, বাঁধের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
