মোরেলগঞ্জে চলতি মৌসুমে রবি ফসলের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। রবি ফসলের মধ্যে রয়েছে গম, ভুট্টা, খেসারি, ফেলন ও গ্রীষ্মকালীন মুগ ডাল। বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের মুখ হাসি ফুটেছে। বিশেষ করে গমের চাষ খুবই জনপ্রিয় হচ্ছে।
চলতি রবি মৌসুমে গম, ভুট্টা, খেসারি, ফেলন ও গ্রীষ্মকালীন মুগ উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার চিংড়াখালী,বলইবুনিয়া, পুটিখালী ও হোগলাবুনিয়া ইউনিয়ন চাষাবাদের আওতায় নেয়া হয়েছে। চলতি বছরে ২৫০ বিঘা জমিতে গম, ১০০ বিঘা জমিতে ভুট্টা, ৭০ বিঘা জমিতে খেসারি, ৫০ বিঘা জমিতে মুগ ও ২০ বিঘা জমিতে ফেলনের চাষ করা হয়।
বলইবুনিয়া ইউনিয়নের চাষি মোজাম্মেল হক ও হাবিবুর রহমান জানান, দুই বিঘা জমিতে গমের চাষ করা হয়েছে। এ বছরে গমের বাম্পার ফলন হবে। বারি-২৫ গম লবণ সহিষ্ণু এবং বারি-২৬ তাপ সহিষ্ণু।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, ইতোপূর্বে রবি মৌসুমে বিভিন্ন ইউনিয়নে অনেক জমি পতিত পড়ে থাকত। এ সব পতিত জমিতে গম চাষসহ অন্যান্য রবি ফসল চাষাবাদের আওতায় আনার জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
