বেহাল অবস্থায় ভাষা শহীদ আব্দুল জব্বার সড়ক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:০৩
গফরগাঁও উপজেলার ভাষা শহীদ আব্দুল জব্বার সড়কের ভারইল বাজার থেকে ভাষা শহীদ আব্দুল জব্বারের পৈতৃক বাড়ি (জব্বার নগর) পর্যন্ত প্রায় ২ কি.মি. সড়ক বেহাল হয়ে পড়েছে। এতে প্রায় ৬ গ্রামের ১০ হাজার মানুষের যাতায়াতে ভোগান্তির পাশাপাশি দেশ-বিদেশের হাজারও দর্শনার্থী ভাষা শহীদের পৈতৃক ভিটায় স্থাপিত ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারে যেতে আগ্রহ হারাচ্ছে।
 
স্থানীয় রাওনা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, ২০০১ সালে সড়কটির ইটের সলিং করা হয়। ২০০৬ সালে পাকা করা হয়। ২০০৮ সালে পাঁচুয়া গ্রামে ভাষা শহীদের বাড়ি সংলগ্ন (প্রস্তাবিত জব্বার নগর)  ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের উদ্বোধন উপলক্ষে সর্বশেষ সড়কটি সংস্কার করা হয়।
 
প্রায় ২ কি.মি. সড়কের বেশিরভাগ কার্পেটিং উঠে গিয়ে ইট বের হয়ে আছে। স্থানে স্থানে ছোট-বড় গর্ত। যানবাহন চলাচল করছে হেলে-দুলে। ধূলাবালুতে একাকার হয়ে গেছে পুরো এলাকা। সড়কটি দিয়ে প্রতিদিন উপজেলার পাঁচুয়া (জব্বার নগর), ভারইল, খারুয়া মুকন্দ, লাউতৈল, মুখিসহ ৬টি গ্রামের লোকজন চলাচল করে। এছাড়া দেশ-বিদেশের দর্শনার্থীরাও ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর দেখতে আসেন। ইজিবাইক, সিএনজি অটোরিক্সা, রিক্সা চালকরা এ সড়কে যেতে অনাগ্রহ দেখান বলে দর্শনার্থীরা স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারে যেতে ভোগান্তিতে পড়েন। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু বলেন, সড়কটির কিছু কিছু স্থানের অবস্থা করুণ। ভাঙা অংশ দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।