পাকিস্তানের আম্পায়ার আসাদ রউফের উপর ৫ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুক্রবার 'অসদাচরণ এবং দুর্নীতির' অভিযোগ এনে এই আম্পায়ারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিসিসিআই জানিয়েছে, এই সময়ে তাদের এবং তাদের সহযোগী সংগঠনের আয়োজিত কোনো আসরে রউফের কোনো প্রকারের অংশগ্রহণ থাকতে পারবে না।
শুক্রবার ছিল বিসিসিআই এর শৃঙ্খলা কমিটির বৈঠক। এই বৈঠকে বোর্ডের দুর্নীতি দমন আইনের কয়েকটি ধারায় রউফকে অপরাধী পাওয়া গেছে। এই কমিটির সামনে কখনো হাজির হননি রউফ। ৮ ফেব্রুয়ারি সব অভিযোগ অস্বীকার করে লিখিত বক্তব্য পাঠিয়েছিলেন পাকিস্তান থেকে। তাকে নিষিদ্ধ করার আগে এই বক্তব্য বিবেচনা করা হয়েছে।
তিনি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ছিলেন। তবে আইপিএলের ঘটনার জের ধরেই প্যানেল থেকেই বাদ পড়েছিলেন। আইপিএল ২০১৩ এর বেটিং স্ক্যান্ডালে মুম্বাই পুলিশের খাতায় ফেরারী রউফ।
তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ রউফ সব সময় অস্বীকার করে এসেছেন। তিনি প্রমাণ চেয়েছেন। ২০১৩ সালের মেতে আইপিএলের ম্যাচ পরিচালনা করে ভারত ছাড়েন তিনি। আর ফেরেননি। পাকিস্তানে তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে অভিযোগ অস্বীকার করেছিলেন।
২০০০ সালে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে অভিষেক রাউফের। পাকিস্তান ও শ্রীলঙ্কার একটি ম্যাচ পরিচালনা করেন শুরুতে। এরপর ২০০৬ সালে তিনি আইসিসির এলিট প্যানেলে জায়গা পান। ৪৯টি টেস্ট, ৯৮টি ওয়ানডে ও ২৩টি টি-টুয়েন্টি পরিচালনা করেছেন এই পাকিস্তানি আম্পায়ার।
