ফরিদপুরের সালথায় পূর্ব শক্রতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
শুক্রবার উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার সকালে কামাইদিয়া গ্রামের রাজ্জাক মাতুব্বারের পক্ষের সাহেদ আলী খানের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে ৩টি বসতঘর ও ১টি অটোরিক্সা ভাঙচুর করে প্রতিপক্ষ সাহিদ মেম্বারের লোকজন। এ সময় রাজ্জাকের লোকজন হামলা ঠেকাতে এলে তাদের ওপরও হামলা করা হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আলী খা, এনায়েত খা, চুন্নু শেখ ও জসিম খাকে মোকসেদপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
