পাবনার চাটমোহর স্টেশন এলাকায় আন্তঃনগর দ্রুতযান ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা (ডিটিও) শওকত জামিল জানান, শুক্রবার সকালে দিনাজপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতযান আন্তঃনগর ট্রেনটি দুপুর আড়াইটার দিকে চাটমোহর স্টেশনে প্রবেশের মুখে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
চাটমোহর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, প্লাটফর্মে প্রবেশের মুহুর্তে ট্রেনের একটি বগির যন্ত্রাংশ খুলে গেলে ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়। উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা শুরু করবে। বিকাল ৫টা পর্যন্ত চাটমোহর স্টেশন দিয়ে চলাচলকারী উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অংশের রেলযোগাযোগ বন্ধ্ রয়েছে।
