নারায়ণগঞ্জ সদর উপজেলায় চুলার গ্যাসের আগুনে মা ও দুই ছেলে দগ্ধ হয়েছে।
শুক্রবার ভোরে ফতুল্লার পাগলা চিতাশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন বাড়ির গৃহকর্তা শুক্কুর মিয়ার স্ত্রী আফিনুর বেগম (৪০), তাদের দুই ছেলে শাকিল (১২) ও শামিম (৮)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনায় ওই বাড়ির বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরে বেশকিছু মালামাল পুড়ে গেছে।
ফতুল্লা থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ভোরে শুক্কুর মিয়ার স্ত্রী আফিনুর বেগম চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে আফিনুর এবং তার দুই ছেলে শাকিল ও শামিম দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
