শূন্য রানে আউট, তারপরও ম্যাককালামের 'সেঞ্চুরি'!

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৩
 
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটংয়ে নেমেছেন কিউই হার্ডহিটার ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু প্রথম বলেই আউট! কিন্তু শূন্যরানে আউট হয়েও সেঞ্চুরি করলেন তিনি। তবে সেটা টেস্ট ম্যাচ খেলার। ক্যারিয়ারের স্মরর্ণীয় শততম টেস্টে তিনি আউট হলেন শূন্য রানে।
 
সেই ১৯৬৮ সালে, ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে একশ’ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন ইংল্যান্ডের কলিন কাউড্রে। আধুনিক ক্রিকেটে বড় হয়েছে টেস্ট পরিবার, বেড়েছে ম্যাচ সংখ্যা। টেস্ট খেলার সেঞ্চুরি করা ক্রিকেটারের সংখ্যাও ছাড়িয়ে গেছে 'হাফ সেঞ্চুরি'। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েলিংটনে নিজের শততম টেস্ট খেলতে নামলেন ম্যাককালাম। কিউই অধিনায়ককে নিয়ে একশ’ টেস্ট খেলার স্বাদ পাওয়া ক্রিকেটার এখন ৬৪জন।
 
তবে একটা জায়গায় অনন্য ম্যাককালাম। তার আগে কেউ নেই, নিকট ভবিষ্যতেও কারও এই রেকর্ড ভাঙার সম্ভাবনা নেই। ম্যাককালাম ক্যারিয়ারের একশ’ টেস্টই খেলেছেন অভিষেক থেকে টানা!
 
২০০৪ সালের ১০ মার্চ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামিল্টনে স্বপ্নের টেস্ট ক্যাপ পেয়েছিলেন ম্যাককালাম। নিউ জিল্যান্ডের সেই দলের একজনও খেলছেন না এখন আন্তর্জাতিক ক্রিকেটে, অনেক বাঁক এসেছে কিউই ক্রিকেটে। কিন্তু এই দীর্ঘ পথচলাতেও একটি ব্যাপার ছিল স্থির, টেস্ট একাদশ থেকে একবারও সরেনি ম্যাককালামের নাম। চোট-আঘাত, বিশ্রাম বা বাজে ফর্ম, কোনো কারণেই ম্যাককালাম বাইরে থাকেননি কোনো টেস্টে।
 
ম্যাককালামের আগেই এই কীর্তি গড়ার সুযোগ ছিল এবি ডি ভিলিয়ার্সের। অভিষেক থেকে টানা ৯৮টি টেস্ট খেলেছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান, টানা খেলার সেঞ্চুরি হতে পারত গত বছর বাংলাদেশ সফরেই। কিন্তু প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ওই সফর থেকে ছুটি নিয়েছিলেন ডি ভিলিয়ার্স।
 
গত ডিসেম্বরে ডি ভিলিয়ার্সের রেকর্ড স্পর্শ করেন ম্যাককালাম। এবার সেটি টেনে নিলেন সেঞ্চুরি পর্যন্ত। তবে ইতিহাস গড়ার দিনে স্মরণীয় কিছু করতে পারলেন না ব্যাট হাতে। জস হেইজেলউডের ইনডিপারে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন কোনো রান না করেই।
 
ম্যাককালামের টানা টেস্ট খেলার অভিযান থামছে অবশ্য ১০১ টেস্টেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচটিই যে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। বিডি নিউজ।