শেরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৬
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাসচাপায় মোটরসইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।  
 
শুক্রবার সন্ধ্যায় শেরপুর-নালিতাবাড়ী সড়কের টেংরাখালি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালপুরের বকশিগঞ্জ উপজেলার মালিচ্চাপাড়া গ্রামের ফজল হকের ছেলে আছমত আলী (১৮), একই গ্রামের খোরশেদ আলম (৩২) এবং সাদা মিয়ার ছেলে শাহিন মিয়া (১৬)। আহত ব্যক্তিকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম জানা যায়নি। 
 
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে মধুটিলা ইকো পার্ক থেকে একটি মোটরসাইকেলে চার যুবক শেরপুরের দিকে যাচ্ছিলেন। টেংরাখালি মোড়ে এলে একই দিক থেকে আসা একটি বাসকে ওভারটেক করতে গেলে বাসের চাপায় মোটরসাইকেলটির তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। 
 
তিনি আরো বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। পুলিশ বাসটিকে আটক করলেও বাসচালক পালিয়ে গেছে। লাশ নালিতাবাড়ী থানায় রাখা হয়েছে; শনিবার ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।