ভারতের সঙ্গে ড্র করলেই ১২তম সাউথ এশিয়ান গেমসে ফুটবলের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ মহিলা দলের। শনিবার শিলংয়ের জহুরলাল নেহরু স্টেডিয়ামে বিকাল চারটায় শুরু হবে ম্যাচটি।
অবশ্য স্বাগতিকদের বিরুদ্ধে ড্র নয়, জয় তুলে নিয়েই ফাইনালে পা রাখতে মরিয়া ১৬ কোটি বাঙ্গালিকে স্বপ্ন দেখানো সাবিনা খাতুনদের দল। এস এ গেমসের প্রথম ম্যাচে নেপালের কাছে ৩-০ গোলে হারের পর মেয়েদের নিয়ে আশার বেলুন ওড়াতে চাননি কেউই। তবে এক ম্যাচ পরই জেগে ওঠে গোলাম রব্বানী ছোটনের দল। শ্রীলংকাকে ২-১ গোলে হারিয়ে কক্ষপথে ফেরে তারা। আর তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়ে আশার পালে হাওয়া লাগায় মেয়েরা।
দুই জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশের। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে ভারত। অর্থাৎ শনিবার না হারলেই নেপালের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের সামনে জয়ের বিকল্প নেই।
