১২তম সাউথ এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ ফুটবল দলের ফাইনালে উঠার পথে বাধা ভারত। কাকতালীয় হলেও নারী ও পুরুষ উভয় ফুটবল দলের ক্ষেত্রেই এটা সত্য। ফাইনালে উঠার লড়াইয়ে শনিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ও পুরুষ ফুটবল দল।
শনিবার প্রথমে নামবে পুরুষ ফুটবলাররই। স্বাগতিক ভারতের বিপক্ষে দুপুর ২টায় ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। প্রতিপক্ষ ভারত বলেই হয়তো কোচ গঞ্জালো মরেনো সানচেজের চিন্তা কিছুটা বেশি।
তবুও সেমিফাইনালে বাংলাদেশকেই ফেভারিট মানছেন স্প্যানিশ এ কোচ। তবে প্রতিপক্ষ হিসেবে ভারত যে কঠিন দল, সেটা মানতেও সময় নিলেন না। সেমিফাইনালের সিড়িতে পা রাখলেও শিষ্যদের পারফরম্যান্স এখনো মন ভরাতে পারেনি মরেনোকে।
গত এসএ গেমসের সেমিফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। তবে এবার স্বাগতিক ভারত। কিন্তু সেমিফাইনালে জাতিকে হতাশ করতে চান না ফুটবলাররা। ভারতের বিপক্ষে জয় দিয়েই ফাইনালে পৌছাতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা।
এদিকে একই দিন বিকেলে চারটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে নারী ফুটবলাররা। তবে তাদের জন্য জয় নয়, ড্র ই যথেষ্ট। কিন্ত জয় তুলে নিয়েই ফাইনালে পা রাখতে মরিয়া ১৬ কোটি বাঙ্গালিকে স্বপ্ন দেখানো সাবিনা খাতুনদের দল। এস এ গেমসের প্রথম ম্যাচে নেপালের কাছে ৩-০ গোলে হারের পর মেয়েদের নিয়ে আশার বেলুন ওড়াতে চাননি কেউই। তবে এক ম্যাচ পরই জেগে ওঠে গোলাম রব্বানী ছোটনের দল। শ্রীলংকাকে ২-১ গোলে হারিয়ে কক্ষপথে ফেরে তারা। আর তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়ে আশার পালে হাওয়া লাগায় মেয়েরা।
