পাবনা শহরে দুদলের সংঘর্ষে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ আট জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় শহরের ছাতিয়ানী এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মালিথা (৪৮), আলিম মালিথা (৪২), দোলন মালিথা (৩০), লালু শেখ ও রেজাউল করিম। বাকিদের নাম জানা যায়নি। সাত জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চার জন রয়েছেন গুলিবিদ্ধ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, গণপূর্ত বিভাগের একটি টেন্ডার নিয়ে কয়েকদিন ধরে শ্রমিক লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সন্ধ্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান বলেন, এ ধরনের একটি সংবাদ পেয়েছি। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে তা তিনি জানাতে পারেননি।
