‘পুলিশের ধাওয়া খেয়ে’ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:০১
 
নাটোরের বড়াইগ্রাম পুলিশের ধাওয়া খেয়ে রঞ্জু মিয়া (৩৩)  নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় আরো একজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার গোয়ালফা এলাকায় এই ঘটনা ঘটে।
 
রঞ্জু গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের আকবর আলীর ছেলে। আহত রেজাউল করিমকে (৩০) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস সালাম জানান, পুলিশ থামতে সংকেত দিলেও মোটরসাইকেল আরোহী রঞ্জু দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছিলেন। পরে পুলিশ তাকে ধাওয়া করে। এসময় রঞ্জু নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।
 
নিহত রঞ্জুর বোন সূর্য বেগম জানান, রঞ্জু নিবন্ধনবিহীন মোটরসাইকেল নিয়ে সুপারি বিক্রি করতে বনপাড়া বাজারে গিয়েছিলেন।
 
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন বলেছেন, রঞ্জুর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।