টি-টুয়েন্টিতে সাকিবের আয় ৫ কোটি ৫৬ লাখ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৮
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি। বিশ্বসেরা এই অলরাউন্ডার টি-টুয়েন্টি থেকে সবচেয়ে আয় করা বাংলাদেশি ক্রিকেটারও। দেশের গন্ডি পেরিয়ে মাতাচ্ছেন গোটা ক্রিকেট বিশ্ব।
 
ব্যাটে বলে পারদর্শী এই ক্রিকেটারের চাহিদাও আকাশ ছোঁয়া। বর্তমানে চারটি দেশের ক্রিকেট লিগে খেলছেন তিনি। বিশ্বজুড়ে টি-টুয়েন্টি খেলে তার আয় ৭ লাখ ১২ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা ৫ কোটি ৫৬ লাখ টাকা।
 
আর সবচেয়ে বেশি আয় করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল থেকে। ২০১১ সালে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে নিয়েছিল শাহরুখ খানের দলটি। হতাশ করেনি তিনি। প্রথমবার সুযোগ পেয়েই দলকে চ্যাম্পিয়ন করতে ব্যাট-বল হাতে রেখেছিলেন গুরুত্বপূর্ন অবদান। তাইতো ২০১৬ সালের আইপিএলে ২ কোটি ৮০ (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ২৪ লাখ টাকা) লাখ রুপিতে তাকে দলে ধরে রেখেছে কলকাতা।
 
এরপরই চলমান পাকিস্তান সুপার লিগ থেকে সবচেয়ে আয় বিশ্বসেরা এই অলরাউন্ডারের।  পিএসএলের প্রথম আসরে করাচি কিংসে ১ লাখ ৪০ হাজার ডলারে (১ কোটি ১০ লাখ টাকা) দলে নিয়েছে তাকে।
 
এরপর  ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তৃতীয় সর্বোচ্চ মূল্য ১ লাখ ১০ হাজার ডলারে জ্যামাইকা তালাওয়াস তাকে দলে ভিড়িয়েছে। এর আগে বারবাডোজ ট্রাইডেন্টে খেলেছিলেন তিনি।
 
অর্থের দিক থেকে অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ থেকে অনেকটায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গেল আসরে আইকন ক্রিকেটার হয়ে রংপুর রাইডার্সে খেলেছিলেন সাকিব। সেখানে তিনি ৩৫ লাখ টাকা বা প্রায় ৪৫ হাজার ডলার পেয়েছিলেন। আর এজন্যই এ মৌসুমে সাকিবের আয় ৬ কোটি পার হয়নি। কিন্তু বিপিএল এর দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স তাঁকে দিয়েছিল ৩ লাখ ৬৫ হাজার ডলারে।