৩ শিশুকে বেঁধে পেটানোর অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৪
চুরির পরিকল্পনার অভিযোগে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় তিন শিশুকে রশি দিয়ে বেঁধে পেটানোর অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার বিকালে উপজেলার মাকুপাড়া থেকে ইমাজ উদ্দিনকে  গ্রেফতার করা হয় বলে জানান বাগাতিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তৈয়ব আলী খান।
 
তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে মাকুপাড়া বাজারের একটি দোকানের সামনে থেকে এক শিশুকে আটক করে ব্যবসায়ীরা। আটকের পর সে ব্যবসায়ীদের জানায় আরো দুই শিশুকে নিয়ে বাজারের একটি দোকান থেকে মোবাইল ফোন চুরির পরিকল্পনা করেছিল। এই অভিযোগে ব্যবসায়ীরা শুক্রবার বিকালে মাকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সালিশের আয়োজন করে। সেখানে ওই তিন শিশুকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পেটানো হয়। পরে তাদের পরিবারের কাছ থেকে আট হাজার টাকা জরিমানা আদায় করে ব্যবাসয়ীরা। পিটুনিতে আহত তিন শিশুকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
এ খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এর পরই ইমাজ উদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় এক শিশুর বাবা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় মামলা করেছেন।