গদখালিতে ১৩ কোটি টাকার ফুল বেচাকেনা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৮
বসন্ত বরণ ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ফুলরাজ্য গদখালীতে রেকর্ড পরিমাণ ফুল বিক্রি হয়েছে। এই দুই দিবসকে ঘিরে প্রায় ১৩ কোটি টাকার ফুল বিক্রি করেছেন যশোরের গদখালির ফুলচাষীরা।
 
গত এক সপ্তাহে গদখালি ফুলবাজার থেকে এই ফুল সারাদেশে ছড়িয়ে দিয়েছেন ফুলচাষী ও ব্যবসায়ীরা। অনুকূল পরিবেশের কারণে এবার যেমন ফুলের ফলন হয়েছে, তেমনি দামও ভাল পেয়েছেন চাষিরা। এতে গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে হওয়া ক্ষতি পুষিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা।
 
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওলাস, জারবেরা, গাঁদাসহ বিভিন্ন ফুল এবং ফুলজাত উপকরন জিপসি, রথস্টিক প্রভৃতি। চলতি ফুল মৌসুমে এ অঞ্চলের চাষিরা প্রায় দেড় হাজার হেক্টর জমিতে ফুলের আবাদ করেছেন। এ বছর অনুকূল আবহাওয়ায় ফুলের উৎপাদনও হয়েছে ভালো। এ কারণে ভালবাসা দিবস, বসন্ত দিবস ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অন্তত ২০ কোটি টাকার ফুল বেচাকেনার হবে বলে জানিয়েছেন গদখালির ফুলচাষীরা।
 
গদখালিতে এখন গোলাপ প্রতিপিস ৮ থেকে ১১ টাকা, গ্লাডিওলাস ৫ থেকে ১০ টাকা, রজনীগন্ধা আড়াই থেকে ৩ টাকা, জারবেরা ১২ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
 
বাংলাদেশ ফ্লাওয়ারস্ সোসাইটি সভাপতি আব্দুর রহিম জানান, বসন্ত বরণ ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় ১৩ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আর বেচাকেনায় সন্তুষ্ট এ অঞ্চলের চাষীরা। আর সামনে রয়েছে মহান একুশে ফেব্রুয়ারি। এ দিবসকে ঘিরেও আশানুরূপ বিক্রির প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় ফুলচাষী ও ব্যবসায়ীরা।