যশোর কারাগারের এক হাজতিতে ইয়াবা সরবরাহের সময় এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার বিকালে কারাগারের বন্দি সাক্ষাৎকার রুম থেকে তাকে আটক করা হয় বলে জানান যশোর কোতোয়ালি থানার এসআই হাবিবুর রহমান। আটককৃত তরিকুল ইসলাম (২৩) শহরতলীর বালিয়া ভেকুটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে ৬৫ ইয়াবা উদ্ধার করা হয়।
এসআই হাবিবুর বলেন, শনিবার বিকাল ৫টার দিকে তরিকুল ও তার সহযোগী সবুজ ইয়াবা নিয়ে এক হাজতিকে দিতে যায়। হাজতি সাক্ষাত রুমে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কারারক্ষীরা তরিকুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় সবুজ কৌশলে পালিয়ে যায়। পরে তরিকুলের পকেট তল্লাশি করে ৬৫ ইয়াবা পাওয়া যায়।
