শুটিংয়ে বাংলাদেশের ব্যর্থতার দিন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২১
শ্যুটিংয়ে বরাবরই সফল বাংলাদেশ। এসএ গেমসের শ্যুটিং থেকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করেছেন বাংলাদেশি শ্যুটাররা। শাকিলের হাত ধরে স্বর্ণ পদক আসায় এ ইভেন্ট থেকে আরও একটি স্বর্ণ পদকের আশা করেছিলেন সবাই। কারণ শাকিল ৫০ মিটার এয়ার পিস্তল থেকে অপ্রত্যাশীতভাবেই দেশকে পদক জয়ের আনন্দে ভাসিয়েছিলেন।
 
স্বপ্ন ছিল আব্দুল্লাহ হেল বাকিকে ঘিরে। কিন্তু রেঞ্জে নেমে নিজের প্রিয় ইভেন্টে পুরোপুরি ব্যর্থ হলেন, তখন আবারো শাকিলকে ঘিরে নতুন করে আশার জাল বুনতে শুরু করেন কর্মকর্তরা। কিন্তু শনিবার তিনি রেঞ্জেই নামতে পারলেন না। হঠাৎ করেই সকালে অসুস্থ হয়ে পড়েন এ শ্যুটার।
 
শাকিলের অসুস্থতার দিনে ব্যর্থ দেশের অন্য শ্যুটাররাও। মহিলাদের ব্যাক্তিগত ৫০ মিটার রাইফেল পজিশনেও একই হাল লাল-সবুজের মেয়েদের। সুরাইয়া আক্তার ৩৭৭.৬ স্কোরে সপ্তম এবং উম্মে সুলতানা জাকিয়া ৩৭৩.৩ স্কোরে আটজনের মধ্যে অষ্টম হন। অবশ্য এই ইভেন্টে তিনটি পদকই গেছে স্বাগতিক শুটারদের ঘরে। পুরুষদের দলগত ১০ মিটার এয়ার পিস্তলে ১৬৫৫ স্কোর করে বড় হতাশার জন্ম দিয়েছেন একক ইভেন্টে স্বর্ণপদক জেতা শাকিলরা। পাঁচ দেশের মধ্যে চতুর্থ হয়েছে বাংলাদেশ। লাল-সবুজদের আনোয়ার হোসেন ৫৬০, সাব্বির আল আমিন ৫৪৮ এবং শাকিল ৫৪৭ স্কোর করেন। এই ইভেন্টে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা যথাক্রমে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ জিতেছে।
মেয়েদের ৫০ মিটার দলগত রাইফেল থ্রি পজিশনে চার দলের মধ্যে চতুর্থ হয়েছেন বাংলাদেশের মহিলা শুটাররা। উম্মে সুলতানা জাকিয়া, সুরাইয়া আক্তার ও নাফিসা
 
বসসুমের দল ১৬৫৪ স্কোর গড়ে চতুর্থ হন। এই ইভেন্টে স্বাগতিক ভারত ১৭২৬ স্কোরে স্বর্ণ, ১৬৮৬ স্কোরে শ্রীলংকা রুপা ও ১৬৫৬ স্কোরে ব্রোঞ্জপদক জেতে পাকিস্তান। মহিলাদের দলীয় ২৫ মিটার পিস্তলে ১৫৪৭ স্কোর করে চতুর্থ হয়েছে বাংলাদেশ। আরদিনা ফেরদৌস ৫২৬, সিনথিয়া নাজনিন ৫১৭ এবং অন্তরা ইসলাম ৫০৪ স্কোর করেন।
 
শাকিলের অসুস্থতা সম্পর্কে বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু বলেন, ‘১০ মিটার এয়ার পিস্তলে এককের মতো দলীয় বিভাগেও আমাদের বাজির ঘোড়া ছিলেন শাকিল আহমেদ। কিন্তুসকাল থেকেই বমি করছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলে ১০ মিটার একক পিস্তলের বাছাইয়েও অংশ নেয়া হয়নি তার।