জনপ্রতিনিধির স্ত্রীর ছবি বিকৃত করায় শিক্ষিকা গ্রেফতার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৯
নাটোর সদর এলাকার একজন জনপ্রতিনিধির স্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে তাসনুভা রহমান মিতু নামের এক শিক্ষিকাকে আটক করেছে পুলিশ।
 
শনিবার বেলা ১১টার দিকে শহরের কানাইখালি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চারু ও কারুকলা বিভাগের শিক্ষিকা এবং কানাইখালী এলাকার মফিজুর রহমানের মেয়ে। পরে দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
 
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নাটোর সদরের জনপ্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের স্ত্রীর ছবি বিকৃত করে তাতে অশ্লীল মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেন শিক্ষিকা মিতু। বিষয়টি নজরে আসার পর শুক্রবার রাতে শহর যুবলীগের আহ্বায়ক সায়েম হোসেন উজ্জ্বল বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।