হেরোইনসহ সাবেক সেনা সদস্যের স্ত্রী আটক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৫৯
মেহেরপুরের গাংনী উপজেলা পৌর শহরের সিনেমা হলপাড়া এলাকার সেই আলোচিত কনার বাড়িতে ঘণ্টা ব্যাপি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) অভিযান চালিয়ে ৫১ গ্রাম হেরোইন, নগদ টাকা ও হেরোইন বিক্রির সরঞ্জামসহ সাবেক সেনা সদস্যের স্ত্রী শান্তা আহমেদ নামের এক নারীকে আটক করেছে। আটক শান্তা আহমেদ সাবেক সেনা সদস্য মদনের স্ত্রী।
 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি রমজান আলীর নেতৃত্বে র‌্যাবের একটি দল শনিবার সন্ধ্যার দিকে শান্তা আহমেদের সিনেমা হল পাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে হেরোইনসহ আটক করেন। তবে মূল হেরোইন ব্যবসায়ী নাজির হোসেনের মেয়ে কনা অভিযানের আগেই পালিয়ে যান।
 
র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি রমজান আলী জানান, গাংনী উপজেলা শহরের আলোচিত মাদক ব্যবসায়ী নাজির হোসেনের মেয়ে কনার বাড়িতে র‌্যাবের কয়েকজন সদস্য হেরোইন কিনতে যান। এ সময় শান্তার কাছ থেকে হেরোইন ক্রয় করেন। এ সময় মূল হেরোইন বিক্রেতা কনা বুঝে উঠেই পালিয়ে যায়। 
 
কনার বাড়িতে র‌্যাব সদস্যরা প্রায় ঘণ্টা ব্যাপি তল্লাশি চালিয়ে ঘরে থাকা ৫১ গ্রাম হেরোইন, হেরোইন বিক্রির ছোট দাড়িপাল্লা, বিভিন্ন ওজনের বাটখারা ও নগদ ১২ শ ৫৫ টাকা জব্দ করা হয়।
 
এ সময় সাবেক সেনা সদস্য মদন আলীর স্ত্রী শান্তা আহমেদকে আটক করা হয়। মাদক আইনে মামলা দিয়ে আটক শান্তাকে রবিবার সকালে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
 
আলোচিত হেরোইন বিক্রেতা কনার বিরুদ্ধে এর আগে গাংনী থানা পুলিশ ও র‌্যাবের দায়ের করা মাদক আইনে বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। হেরোইন ও গাঁজাসহ বেশ কয়েকবার আটক হয়ে জেল খেটেছেন তিনি।
 
এদিকে আলোচিত হেরোইন বিক্রেতা কনাকে ধরতে র‌্যাব অভিযান চালাচ্ছে।