নিখোঁজ গ্রামীণ ফোনের কর্মচারীর লাশ উদ্ধার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৯
 
বগুড়ার শাজাহানপুরে নিখোঁজ মামুনুর রশিদ মানিক (৩০) নামের গ্রামীণ ফোনের এক সেলস্ এক্সিকিউটিভের বস্তাবন্দী লাশ উদ্ধার করছে পুলিশ। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দুবলাগাড়ি ব্রিজের উত্তর পার্শ্বে করতোয়া নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত মানিক বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া গাড়ীবেলঘড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা আহসান উল­াহ মুন্টু মিয়ার ছেল। তিনি বগুড়া গ্রামীণ ফোনের ডিস্টিবিউশন অফিসে সেলস্ এক্সিকিউটিভ পদে চাকরিরত ছিলেন।
 
বগুড়া গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউশন অফিস ১ম স্ট্যাশনের জিএম তরফদার নাজমুল আহসান জিতু জানান, মানিক শাজাহানপুর এলাকায় কাজ করতেন। এর মধ্যে সপ্তাহে ৩ দিন তিনি দুবলাগাড়ী হাটে কাজ করতেন। শনিবার দুপুর আড়াইটার দিকে দুবলাগাড়ী হাট এলাকা থেকে নিখোঁজ হয় মানিক। তখন থেকেই মানিকের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধ্যা সাতটার দিকে একবার মোবাইল ফোন খোলা পাওয়া যায়। কিন্তু ফোন রিসিভ হয়নি বলে মানিকের পরিবার পক্ষ থেকে জানানো হয়। এরপর থানায় বিষয়টি জানানো হলে থানা পুলিশ তদন্ত চালাতে থাকেন।
 
তিনি জানা, নিখোঁজের সময় মানিকের নিকট কি পরিমান অর্থ ছিল তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে তার সিম থেকে কোন টাকা লেনদেন (ক্যাশ ডিসপাস) না হলেও দেড় থেকে পৌনে ২ লাখ টাকা আদায় হয়ে থাকতে পারে।
 
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তার কাছে থাকা ব্যাগে টাকা ও মালামাল ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে অপহরণ করে হত্যা করেছে।