মানিকগঞ্জের ঘিওর উপজেলার কায়েমতারা গ্রামের কৃষক মীর মোসলেম উদ্দিনের বীজতলায় ৪০ শতাংশ জমিতে পেঁয়াজ বীজের গাছ কে বা কারা কেটে ফেলেছে। শনিবার দিবাগত রাতের আধাঁরে এ ঘটনা ঘটে।
এতে প্রায় ৩ লাখ টাকার বীজ ক্ষতি হয়েছে বলে জানা গেছে। চাষী পর্যায়ের উন্নতমানের পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ৪০ শতাংশ জমিতে পেঁয়াজের বীজ উৎপাদনের লক্ষ্যে পেয়াঁজ চাষ করে কৃষক। সংশ্লিষ্ট প্লটে ৮০ কেজি বীজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যা কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। যার ফলে কৃষি সম্প্রসারণ অধিদফরের বীজ বিতরণ কার্যক্রম বিঘ্ন ঘটেছে।
কৃষক মীর মোসলেম উদ্দিন বলেন, 'লোকের মুখে খবর পেয়ে জমিতে উপস্থিত হয়ে দেখতে পাই কেটে ফেলা পেঁয়াজ বীজ দানার গাছের মাথাগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরবর্তীতে ব্লকে কর্মরত কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাককে ঘটনা সম্পর্কে অবগত করি।'
উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফ উজ্জামান বলেন, 'ঘটনাটি আমি শুনেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'
