সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ট্যাবের আকার। তবে এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে স্যামসাং। প্রতিষ্ঠানটি গত বছরের শেষ দিকে ১৮.৪ ইঞ্চি ডিসপ্লের ট্যাবলেট এনে চমক তৈরি করে। দামের কারণে ডিভাইসটি প্রত্যাশিত সাড়া জাগাতে পারেনি। ফলে আবারও ট্যাবটির দাম কমানো হয়েছে।
টেক টাইমস এক খবরে জানিয়েছে, গ্যালাক্সি ভিই নামের ওই ট্যাবের দাম ৫০ ডলার বা প্রায় চার হাজার টাকা কমিয়ে ৪৪৯ ডলার বা প্রায় ৩৫ হাজার ৪০২ টাকা করা হয়েছে। এর আগে একবার ট্যাবটির দাম কমানো হয়েছিলো ১০০ ডলার।
আগ্রহীরা ডিভাইসটি ই-কমার্স সাইট অ্যামাজন ডটকম থেকে কিনতে পারবেন।
ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ। ডিভাইসটির ফুল এইচডি ডিসপ্লেতে ১৯২০-১০৮০ পিক্সেল রেজ্যুলেশন পাওয়া যাবে। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ১ দশমিক ৬ গিগাহার্টজের ৬৪-বিট এক্সিনস ৭৫৮০। ট্যাবটিতে পেন টেকনোলজিও রয়েছে।
ট্যাবলেটটিতে আরও থাকবে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২ দশমিক ১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এছাড়া ২ গিগাবাইট র্যামের এই ডিভাইসে ইন্টারনাল স্টোরেজ থাকবে ৩২ গিগাবাইট, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
দীর্ঘক্ষণ ব্যাকআপ পাওয়ার জন্য এতে ৫৭০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিও থাকবে।
