চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৯
চাঁদপুরের কচুয়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।
 
রবিবার দুপুরে উপজেলার কাদলা ইউনিয়নের দেবিপুর এলাকায় তার লাশ পাওয়া যায়।  নিহত গোলাম রাব্বী (১৭) উপজেলার দেবিপুরের আরিফ মিয়ার ছেলে। সে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
 
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল জানান, শনিবার রাত ৮টায় দেবিপুর এলাকায় নিজ বাড়ি থেকে দোকানে যাওয়ার কথা বলে বের হয় রাব্বী। এরপর থেকে সে নিখোঁজ থাকে। পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রবিবার স্থানীয় লোকজন একটি আলু ক্ষেতে লাশ দেখে পুলিশকে জানায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।