সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাটির নিচে একটি ‘মর্টার শেল’পাওয়া গেছে।
রবিবার দুপুরে পূর্ণিমাগাতী ইউনিয়নের চরুইমুড়ী গ্রামের কাঠ ব্যবসায়ী আমজাদ হোসেনের বাড়ি থেকে মর্টার শেলটি পুলিশ উদ্ধার করে বলে জানান উল্লাপাড়া থানার ওসি গোলাম কিবরিয়া।
গোলাম কিবরিয়া বলেন, উদ্ধারকৃত বস্তুটি একটি ৮২ এমএম মর্টার শেল। বর্তমানে সেটি বালিভরতি বালতির মধ্যে রাখা হয়েছে। তবে এটি তাজা না অকেজো তা পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সংবাদ দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় কোনো বাহিনী এই মর্টার শেলটি এখানে ফেলে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
আমজাদ হোসেন জানান, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রাম থেকে তিনি একটি কাঠালগাছ কেনেন। দুপুরে গাছটি কাটার সময় মাটির নিচে বস্তুটি পান। দামি কিছু মনে করে তিনি ওই বস্তুটি বাড়ি নিয়ে যান। পরে থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ সেটি থানায় নিয়ে যায় বলে জানান ওসি।
