ব্যাপক আনন্দ উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকাকে ভালোবাসা জানান দেয়ার অনুষ্ঠান ‘প্রাণসখা ঢাকা’। সকাল ১০টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে দর্শক সারিতে গিয়ে সবার সঙ্গে ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, লেখক সৈয়দ শামসুল হক, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, নাট্যাভিনেতা ড. এনামুল হক ও আফজাল হোসেন, সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান ফরিদ খান প্রমুখ।
সাঈদ খোকন বলেন, আমরা একটি পরিছন্ন নগর গড়তে চাই। শুধু পরিচ্ছন্ন নগর বলতে রাস্তাঘাট পরিচ্ছন্ন নয়, তার সঙ্গে আমাদের ভাবনার ও চিন্তার জগত পরিচ্ছন্ন করতে হবে। তাহলেই জীবনে পরিচ্ছন্নতা আসবে।
IMG0
মেয়র বলেন, প্রত্যেক নাগরিককে একজন মেয়র হিসেবে দেখতে চাই। আমি একা এই শহরকে পরিষ্কার রাখতে পারবো না। ২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর ঘোষণা করেছি। সবার সহায়তা পেলে ঢাকা হবে পরিচ্ছন্ন নগরী।
ভালবাসার প্রথম প্রহরে ঢাকার প্রতি ভালোবাসা জানিয়ে ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠান শুরু হয় জলের গানের পরিবেশনার মধ্য দিয়ে। জলের গান যখন মঞ্চে উঠে গান পরিবেশন করছিল, তখন সাঈদ খোকন মঞ্চে ওঠেন এবং ‘ও প্রাণ সখা, আমার প্রিয় ঢাকা, আমি তোমায় ভালবাসি’, এই গানের কয়েকটি লাইন গেয়ে শোনান। দর্শকদেরও অনুরোধ করেন তার সঙ্গে গাইতে। অনুষ্ঠানে ঢাকাবাসীকে পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, জেমস, জলের গান, শিরোনামহীনসহ দেশের জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন।
শাইখ সিরাজ বলেন, যার যার অবস্থানের পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে কাজগুলোকে বাস্তবায়ন করার। শুধু মুখে নয় কাজটি সত্যি সত্যি করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। একা মেয়রের পক্ষে সব কাজ করা সম্ভব নয়।
ঢাকা থাক আমাদের হৃদয়ে, ঢাকা থাক আমাদের ভালোবাসায়। ঢাকার প্রতি মনে এমন ভাবনা আনার জন্য আহ্বান জানান সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। দিনব্যাপী ‘প্রাণসখা’ অনুষ্ঠানে নাচ, গান আর আনন্দ আয়োজনেও ঘুরে ফিরে আসে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার তাগিদ।
নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন বলেন, ‘প্রাণসখা ঢাকা’ ঢাকাকে নতুন একটি মাত্রায় প্রতিষ্ঠিত করবে বলে আমাদের ধারনা। এ দেশের সংস্কৃত কর্মীরা এমন সৎ কাজের জন্য পূর্ণ সমর্থন জানাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তুষার ও তার দল। কবিতা আবৃত্তি করেন শিমুল মুস্তাফা ও আফজাল হোসেন। এছাড়া শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ঢাকা রং তুলিতে আঁকা’ অনুষ্ঠিত হয়। জাতীয় জাদুঘর প্রাঙ্গণে এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় শতাধিক শিশু।
এছাড়া আগত দর্শকদের ভালোবাসার কথা জানান দেয়ার জন্য ছিল ‘রাইট ইউ ঢাকা বোর্ড’। আরও ছিল পুরনো ও নতুন ঢাকার ফটোগ্রাফ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী।
ভালোবাসার বিশেষ দিনে ঢাকাকে ভালোবাসার কথা জানান দেয়ার এটিই প্রথম উদ্যোগ। এটি যেন শুধু একদিনের অনুষ্ঠান না হয়ে বছরব্যাপী সচেতনতা দিয়ে ঢাকাকে ভালোবেসে বিশ্বের মাঝে সেরা শহর হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সে প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে আগতরা।
