কক্সবাজারের উখিয়ায় মানবপাচার মামলায় জমির আহমদ ওরফে কালা জমির নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান। জমির একই এলাকার মৃত কাদের হোসেনের ছেলে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী।
ওসি হাবিবুর বলেন, জমির দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় ফিরেছে এমন খবরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় মানবপাচারের অভিযোগে দুটি মামলা রয়েছে। এছাড়া পাচারের শিকার হয়ে মিয়ানামার থেকে ফেরত আসা লোকজনের স্বীকারোক্তিতেও দালাল হিসেবে তার নাম রয়েছে।
