খুলনায় দুইজনকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত ১০টার দিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে- নৈহাটি দক্ষিণপাড়ার আব্দুল গফ্ফারের ছেলে লিটন (১৬) ও একই এলাকার মৃত আলাউদ্দিন শেখের ছেলে জালাল শেখ (২৪)। জালাল শেখ একটি সাইকেল গ্যারেজের মিস্ত্রি। আহত লিটন স্থানীয় তিলক মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় আল-আমিন ডাক্তারের বাড়ির সামনে দুর্বৃত্তরা লিটন ও জালাল শেখের ওপর হামলা চালায়। ধারালো ছুরির আঘাতে জালালের পেট থেকে নাড়ি-ভুড়ি বেরিয়ে যায় এবং লিটনের কোমড়ে জখম হয়। জালালের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। গুরুতর অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন রূপসা থানার অফিসার ইনজার্চ (ওসি, তদন্ত) জিয়াউল ইসলাম।
