পাবনার ঈশ্বরদীতে ট্রাকের চাপায় নায়েব আলী (৪৫) নামের এক করিমন চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪জন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র মণ্ডল জানান, সকালে বালু বোঝাই একটি ট্রাক পাকশী থেকে পাবনায় যাচ্ছিল। পথে কালিকাপুর এলাকায় ট্রাকটি যাত্রীবাহী একটি করিমনকে (শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই করিমন চালক নায়েব আলী মারা যান। এসময় আহত হন আরো চার যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত নায়েব আলী উপজেলার আজিমপুর ডিলু নগরের তৈয়জ উদ্দিনের ছেলে।
