ঘিওরে দুই বাড়িতে ফের ডাকাতি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৪
মানিকগঞ্জের ঘিওরে নয় দিনের ব্যবধানে আবার একরাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, উপজেলা সদরের কৃষক মো. সোনা মিয়ার (৪২) বাড়িতে ৭-৮ জনের একটি ডাকাতদল হানা দিয়ে স্টিলের আলমারি ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও সোনা মিয়ার মায়ের গলা থেকে রূপার চেইন ছিড়ে নেয়। এ সময় গৃহকর্তা চিৎকারের চেষ্টা করলে ডাকাতরা হাত পা বেঁধে লোহার রড দিয়ে তাকে আঘাত করে।
 
পরে পাশের বাড়ির বাহেজ মিয়ার (৫০) বাড়িতে ডাকাতরা হামলা চালিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে স্টিলের সোকেজ ভেঙ্গে নগদ ১৬ হাজার ৭শ টাকা ও রূপার চেইন, নূপুর নিয়ে যায়।
 
এ ব্যাপারে ঘিওর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'ঘটনাটি আমি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।'