‘কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ’র বাছাই পর্বের উদ্বোধন মঙ্গলবার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৬
 
দেশে উদ্ভাবনীমূলক ও আন্তর্জাতিকমানের উদ্যোগ তৈরির লক্ষ্যে আয়োজিত ‘কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতার বাছাই পর্বের উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার। সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
আইসিটি ডিভিশন, বেসিস, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
 
প্রতিযোগিতার বিজয়ীরা জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে এক বছরের জন্য বিনামূল্যে জায়গা বরাদ্দ পাবেন। এর পাশাপাশি বিজয়ীরা আর্থিক অনুদান এবং মেন্টরিংয়ের সুযোগ পাবে। এছাড়া নিবাচিত আরো অর্ধশত উদ্যোগ সেখানে জায়গা বরাদ্দ নিতে পারবে। সেখানে উচ্চগতির ইন্টারনেট, নিরবিচ্ছিন্ন বিদ্যুত্ ব্যবস্থা, বড় কনফারেন্স রুম ব্যবহারের সুবিধাসহ তাদের বিনিয়োগ সমস্যা সমাধান, মানোন্নয়নসহ উদ্যোগটি যাতে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে তার ব্যবস্থা করা হবে। এছাড়া স্টার্টআপগুলোকে নিয়ে পরবর্তীতে আরো কার্যক্রম গ্রহণ করা হবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। আইসিটি সচিব জনাব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বেসিস সভাপতি ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস্। এছাড়া উপস্থিত থাকবেন আইসিটি ডিভিশন, বেসিস, বিসিসি, হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ।