সাতক্ষীরায় দুর্ঘটনায় আহত স্কুলছাত্রীর মৃত্যু, বাসে আগুন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৫
 
সাতক্ষীরার বহেরা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী সুমাইয়া খাতুন সোমবার চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। সে খুলনা আড়াই’শ শয্যা হাসপাতালে চিকিত্সাধীন ছিল।
 
নিহত সুমাইয়া খাতুন বহেরা উত্তর পাড়ার মিঠুর মেয়ে ও দেবহাটা উপজেলার বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
 
সকালে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া ও আমেনা খাতুন আহত হয়। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল নেয়া হয়। সুমাইয়ার স্বাস্থ্যের অবনতি হলে তাকে খুলনা আড়াই’শ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।
 
প্রত্যক্ষদর্শী মোস্তফা আলী ও রাজু জানান, সকালে সাইকেলযোগে ঐ দুই ছাত্রী দেবহাটার হিরারচক এলাকা থেকে স্কুলে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় কালিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাদেরকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় উত্তেজিত জনতা বাসটি পুড়িয়ে দেয় এবং রাস্তায় কারেন্টের খুঁটি ফেলে দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
 
পরে দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা বেগম ও কালিগঞ্জ সার্কেল মনির হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।