সংকুচিত হয়েছে জাপানের অর্থনীতি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৭
 
গত বছরের শেষ তিন মাসে জাপানের অর্থনীতি সংকুচিত হয়েছে। সরকারের নেয়া অর্থনৈতিক সংস্কার কর্মসূচির পরও অর্থনীতি সংকুচিত হওয়াকে জাপান সরকারের ব্যর্থতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
 
সরকারি তথ্য থেকে দেখা যাচ্ছে আগের প্রান্তিকের তুলনায় গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত শূন্য দশমিক চার শতাংশ সংকুচিত হয়েছে জাপানের অর্থনীতি। ধারণা করা হচ্ছিল প্রতি প্রান্তিকে শূন্য দশমিক তিন শতাংশ হারে অর্থনৈতিক সংকোচন ঘটবে দেশটিতে।
 
স্থানীয় চাহিদা কমে যাওয়া ও গৃহনির্মাণে বিনিয়োগ হ্রাস পাওয়াকে অর্থনৈতিক সংকোচনের জন্য দায়ী করা হচ্ছে। এর ফলে বার্ষিক এক দশমিক চার শতাংশ হারে দেশটির অর্থনীতির আকার ছোট হয়েছে যা ধারণার চেয়েও দশমিক দুই শতাংশ বেশি।
 
গত দুই দশক থেকে মুদ্রা সংকোচনে ভুগছে জাপানের অর্থনীতি। এর ফলে বাজারে চাহিদা ও বিনিয়োগে মন্দা চলছে দেশটিতে। সূত্র: বিবিসি