গাজীপুরে মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৪
গাজীপুরে মুক্তিপণ না পেয়ে মো. সোলায়মান নামে এক শিশুকে হত্যা করেছে অপহরণকারীরা। সোমবার সন্ধ্যায় গাজীপুরেরর মহানগরীর কাশিমপুরের সুরাবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
 
জানা গেছে, শনিবার বিকেলে গাজীপুর নগরীর আউটপাড়ার এলাকার ভাড়া বাসার সামনে থেকে অপহৃত হয় ভাঙ্গারী ব্যবসায়ী মোকারম হোসেনের ছেলে মো. সোলায়মান। ওইদিন রাত ১২টার দিকে শিশুর বাবার কাছে মোবাইল ফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় রবিবার রাতে মোকারম হোসেন জয়দেবপুর থানায় জিডি করেন। পরে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সুরাবাড়ির জঙ্গলে শিশুরটির  লাশ পাওয়া যায়।
 
পরে চক্রবর্তী ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে মোকারম হোসেন রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল মর্গে গিয়ে লাশটি সোলায়মানের বলে শনাক্ত করেন।
 
মোকারম হোসেনের বাড়ি জামালপুরের ইসলামপুর থানার ভেনুয়ারচর গ্রামে। তিনি একমাত্র সন্তান সোলায়মান ও স্ত্রীকে নিয়ে গাজীপুর মহানগরীর আউটপাড়ার এলাকার হাজী আবদুল মোতালেব মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
 
চক্রবর্তী ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, সোলায়মানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার মুখেও আঘাতের চিহ্ন আছে।