হুয়াওয়ের নতুন স্মার্টফোন জিআর ৫ ও মেইট ৮

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৫৮
বাংলাদেশি গ্রাহকদের জন্য দেশের বাজারে জিআর৫ও মেইট৮ মডেলের দুটি নতুন স্মার্টফোন আনল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে ফোন দু’টি উদ্বোধন করা হয়।
 
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং বলেন, ‘হুয়াওয়ে বর্তমানে বিশ্বে দ্রুতগতিতে বিকাশমান একটি ব্র্যান্ড। গত ২০১৫ সালে সারাবিশ্বে ১০৮ মিলিয়ন স্মার্টফোন রপ্তানি করে প্রতিষ্ঠানটির ৭০ শতাংশ প্রবৃদ্ধি ঘটে। এই ক্রমবর্ধমান সাফল্য ব্যবহার বান্ধব পণ্যের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার প্রতিশ্রুতির ফলস্বরূপ।
 
গ্রামীণফোনের হেড অব ডিভাইস সরদার শওকত বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে, গত কয়েক বছরে দৃষ্টি নন্দন ও আকর্ষণীয় স্মার্টফোন বাজারে এনেছে হুয়াওয়ে। জিআর ৫ ও মেইট ৮ ফ্ল্যাগশিপ ডিজাইস উদ্বোধনের মাধ্যমে গ্রাহকদের জন্য ডিভাইস নির্বাচনের ক্ষেত্রে হুয়াওয়ে’র মতো জনপ্রিয় ব্র্যান্ড নিজেদের তালিকায় যুক্ত করল গ্রামীণফোন।’
 
বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ সুবিধাসহ ১২ মাসের ইএমআই বা কিস্তিতে হুয়াওয়ে জিআর ৫ এবং ২৪ মাসের কিস্তিতে মেইট ৮ কিনতে পারবে গ্রামীণফোনের স্টার গ্রাহকরা।
 
হুয়াওয়ে জিআর৫ স্মার্টফোনটি জি সিরিজের সর্বাধুনিক স্মার্টফোন। স্মার্টফোনটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট আইডি প্রযুক্তি, অত্যাধুনিক ক্যামেরা, ৫.৫ ইঞ্চির উজ্জ্বল ডিসপ্লেএবং আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনসম্বলিত স্মার্টফোনটি সহজেই তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করবে।ফোনটিতে রয়েছে ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ সিস্টেম, ২জিবি র‌্যাম ও ইন্টারনাল স্পেস রয়েছে ১৬জিবি। ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সাথে রয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৯৯০টাকা।
 
অন্যদিকে,উচ্চ প্রযুক্তির স্মার্টফোন বাজারে হুয়াওয়ের নতুন সংযোজন মেইট ৮। অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে নতুন প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি। আকর্ষণীয় ও অভিজাত ডিজাইনের এ ফোনটিতে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দিবে সর্বোচ্চ সক্ষমতা। এ সময়ের ব্যস্ত ও পেশাদারদের জন্য বিশেষভাবে  তৈরি এ ফোনটিতে রয়েছে শক্তিশালী চিপসেট, মেটাল ইউনিবডি এবং আকর্ষণীয় ক্যামেরাসহ অভিনব সব ফিচার। ফোনটির পেছনে রয়েছে ১৬মেগাপিক্সেল ও সামনে রয়েছে ৮মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৬.০মার্শমেলো। ফোনটির আকর্ষণীয় ফিচারের মধ্যে আরও আছে৪জিবি র‌্যাম ও ৬৪জিবি রম সুবিধা। গ্রাহকদের জন্য ফোনটির দাম রাখা হয়েছে ৫৯ হাজার ৯৯০টাকা।
 
এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটির হুয়াওয়ে এক্সপেরিয়েন্স সেন্টার এবং গ্রামীণফোন সেন্টারসহ সারাদেশের ৬৪টি জেলার রিটেইল আউটলেট ও ব্র্যান্ড শপগুলোতে পাওয়া যাবে জিআর ৫ ও মেইট ৮।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত ছিলেন দিলশাদ করিম এলিটা, আশফাক নিপুণ, সম্প্রীতি রিদওয়ানা রহমান, বুলবুল টুম্পা ও সোনিয়া হোসেন। এছাড়া হুয়াওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।