সর্বশেষ প্রকাশিত আইসিসি র্যাংকিংয়ে এখনো শীর্ষস্থান অটুট রেখেছেন সাকিব আল হাসান। সোমবার আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাংকিং এ এমনটাই দেখা যায়। অলরাউন্ডার র্যাংকিংয়ে দুই ও তিনে থাকা মোহাম্মদ হাফিজ (৩৬৩) ও দিলশানের (৩৪৯) চেয়ে নিরাপদ দূরত্বে রয়েছেন তিনি (৪১৬)। ফলে আপাতত ওয়ানডে খেলা না থাকলেও আগামী কয়েক মাস টাইগার অলরাউন্ডার শীর্ষেই থাকবেন।
তবে ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা কুইন্টন ডি কক। ডি কক উঠে এসেছেন চার নম্বরে। বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরির। তিনি উঠে এসেছেন সেরা পাঁচে।
ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে যথারীতি দুই নম্বরে রয়েছেন সাকিব। তবে শীর্ষে থাকা ট্রেন্ট বোল্টের (৭৩১) সঙ্গে সাকিবের (৬৯৯) পয়েন্ট ব্যবধান বেড়ে ৩১ হয়েছে।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে বাংলাদেশি তারকাদের মধ্যে সবার ওপরে রয়েছেন মুশফিকুর রহিম। তলিকার ২০ নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এরপরেই রয়েছেন সৌম্য সরকার ২১ ও সাকিব রয়েছেন ৩১ নম্বরে। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সেরা ৫০ এ রয়েছেন আর শুধু নাসির হোসেন (৪২)।
বোলারদের র্যাংকিংয়ে সাকিবের (দ্বিতীয়) পর মাশরাফি বিন মুর্তজা রয়েছেন ১৫ নম্বরে। আরাফাত সানি ৪৫, রুবেল হোসেন ৪৬ ও মুস্তাফিজুর রহমান রয়েছেন ৪৭ নম্বরে।
সদ্য ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো ব্রেন্ডন ম্যাককালাম ২৪তম র্যাংকিং নিয়েই একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জেতা নিউজিল্যান্ডের হয়ে ১১৯ রান করা অধিনায়ক ম্যাককালাম ছয় ধাপ এগিয়ে ৩০ থেকে ২৪ নম্বরে উঠে আসেন।
