তামিমের জন্য মাশরাফির আক্ষেপ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২০

যেকোন ম্যাচেই দলকে উড়ন্ত সূচনা এনে দেন বাংলাদেশের বিধ্বংসী ব্যাটসম্যান তামিম ইকবাল। বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ারের হয়েও দুর্দান্ত খেলছেন এই হার্ড হিটার। তবে ঘরের মাঠে এশিয়া কাপে তাকে পাচ্ছেনা বাংলাদেশ। আর তাকে না পাওয়ায় আক্ষেপ করলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

তিনি বলেন, 'তামিম বরাবরই ভালো ক্রিকেট উপহার দিয়ে থাকেন। এশিয়া কাপে তামিমের না থাকাটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এশিয়া কাপে তামিম থাকলে ভালো হতো। এই ফরম্যাটে আমরা যেহেতু খুব ভালো করতে পারছি না। তাই পূর্ণাঙ্গ শক্তি নিয়ে মাঠ নামাটাই জরুরি।'

তামিমের পরিবর্তে দলে জায়গা হয়েছে আরেক ওপেনার ইমরুল কায়েসের। মাশরাফি এখন এই বাঁ-হাতির উপরও ভরসা রাখছেন।

তিনি আরও বলেন, 'আমরা এখনো টি-টুয়েন্টিতে ভালো দল হয়ে উঠতে পারেনি। এজন্য আমরা কঠোর অনুশীলন করছি, সঙ্গে চেষ্টা রয়েছে সবার, কিভাবে আরো উন্নতি করা যায়। এশিয়া কাপে আমাদের চারটি ম্যাচ রয়েছে। আশা করি আমরা ভালো করব।'