সংসদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিলের রিপোর্ট উপস্থাপন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৫৭
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০১৬ এর ওপর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাাপন করা হয়েছে। কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলাম রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের প্রস্তাব করা হয়। 
 
কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে ঘিরে পরিকল্পিত পর্যটন অঞ্চল গড়ে তুলতে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে গত ১০ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিলটি উত্থাপন করেন। বিলের বিধান কার্যকর হবার পর সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে বিলে প্রস্তাব করা হয়। বিলে একজন চেয়ারম্যানের নেতৃত্বে এ কর্তৃপক্ষে ১৪ জন সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে।
 
বিলে কর্তৃপক্ষের ক্ষমতা-কার্যাবলী, প্রধান নির্বাহী, সভা, সম্মানি, পরামর্শ বা সহযোগিতা, কমিটি গঠন, মহাপরিকল্পনা ও উন্নয়ন প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়ন, স্থানীয় পরিকল্পনা, ব্যক্তি মালিকানাধীন ভূমি হস্তান্তর, সরকারি সম্পত্তি বা প্রকল্প হস্তান্তর, বিধি-নিষেধ, অপসারণ, দন্ডসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়। 
 
এছাড়া বিলে কর্তৃপক্ষের তহবিল, প্রশাসনিক জরিমানা, চার্জ, ফি আদায়, অপরাধ ও বিচার, অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা, দন্ড প্রদানের এখতিয়ার, মতবিরোধ নিষ্পত্তি, বার্ষিক প্রতিবেদন, জনবল কাঠামো, বিধিমালা প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। খবর- বাসস।