এমএসএন ত্রয়ীকে রোনালদোর কটাক্ষ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০০
সেল্টা ভিগোর বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি স্পটকিক থেকে সুয়ারেজকে গোলে অ্যাসিস্ট করার ঘটনাকে পুরো বিশ্ব এই ‘ছোট জাদুকরের’ নতুন কৌশল বলেই অভিহিত করছে। তবে তার প্রতিদ্বন্দী ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি জানেন মেসি কেন এটা করেছেন এবং এর বেশি তিনি বলবেন না।
 
সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে অসাধারণ ড্রিবলিং করতে থাকা মেসিকে পেনাল্টি বক্সে ট্যাকল করে ফেলে দেয়ার পরে বার্সা পেনাল্টি স্পটকিক থেকে গোল নেয়ার সুযোগ পায়। ম্যাচে তখন পর্যন্ত এক গোল করা মেসি তখন লা লিগায় ৩০০ গোলের মাইলফলকে দাঁড়িয়ে। কিন্তু স্পটকিক থেকে সরাসরি শট না নিয়ে মেসি বলটি ডান দিকে বাড়িয়ে দেন যেটি থেকে সুয়ারেজ তার হ্যাটট্রিক পূর্ণ করেন। ১৯৮৩ সালে ইয়োহান ক্রুইফ প্রায় একই রকম একটা গোল করেছেন এবং ক্যান্সারে আক্রান্ত বার্সা কিংবদন্তির সম্মানে এমনটি করেছেন মেসি বলে অনেকেই ধারণা করছেন। তবে রোনালদো বলেন তিনি ভালো করেই জানেন মেসি কেন এমন করেছেন। রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, আমি জানি মেসি কেন এমনটি করেছে কিন্তু আমি এর বেশি কিছু বলবো না। আপনাদের এখন যা ইচ্ছা ভাবতে পারেন। 
 
IMG0
 
যা ভাবার স্বাধীনতা যখন রোনালদো দিয়েছেন তাহলে বলা যায়, ওই ম্যাচে হ্যাটট্রিক করা সুয়ারেজ ইতোমধ্যে লা লিগায় ২২ ম্যাচে ২৩ গোল করে পিচিচি ট্রফি জেতার দৌড়ে এগিয়ে গেছেন। যেখানে রোনালদো দুই ম্যাচ বেশি খেলে করেছেন ২১ গোল। রোনালদো কী তাহলে এই ইঙ্গিত দিলেন যে রোনালদো যাতে পিচিচি জিততে না পারে মেসি সেই ব্যবস্থা করছেন?
 
IMG1
 
মেসির প্রতি ভ্রুকুটির এখানেই শেষ নয়। গত মৌসুমে সম্ভাব্য ছয় শিরোপার পাঁচটি জেতানোতে প্রধান ভূমিকা রাখা মেসি, নেইমার ও সুয়ারেজের মধ্যে মাঠ ও মাঠের বাইরের সুসম্পর্ককেও কটাক্ষ করেছেন রোনালদো। তাকে প্রশ্ন করা হয় এমএসএন ত্রয়ী কী বন্ধুত্বর কারণে এত ভালো করছে কী না। জবাবে রোনালদো বলেন, আপনারা যা পড়েন তাই বিশ্বাস করেন তাহলে?  আমি আপনাদের সরাসরি কিছু বলবো। ম্যানইউর চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলের  স্কোলস, গিগস অথবা ফার্দিনান্দ এর সঙ্গে শুভ সকাল বলা ছাড়া খুব বেশি কিছু বলিনি। তারপরেও আমাদের দারুণ একটি দল ছিল। ভালো করার জন্য বেনজেমাকে আমার ডিনারে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আমার চুমু আর আলিঙ্গনের প্রয়োজন নেই। 
 
গত নভেম্বরের পরে বার্নাব্যুর বাইরে কোনো গোল করতে পারেননি রোনালদো। এই প্রসঙ্গে রোনালদো বলেন, আমি স্পেনে আসার পরে আমাকে এমন একজন খেলোয়াড় দেখান যে হোমের চেয়ে অ্যাওয়েতে বেশি গোল করেছে। এমন কেউ নেই। এএস স্পোর্টস।