‘রোনালদোকে নিয়ে আমরা হাসাহাসি করতাম’

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৬
ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বলেছেন তিনি ম্যানইউতে থাকতে সতীর্থদের সঙ্গে তেমন মিশতেন না। তবে সেই সময়ের সতীর্থ রিও ফার্দিনান্দ বলেছেন রোনালদোর সঙ্গে তিনি অনেক হাসি তামাশা করেছেন এমন কী বন্ধুসুলভ টিপ্পনীও দিতেন তাকে।
 
মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীর বন্ধুত্ব মাঠে যেমন মাঠের বাইরেও তেমন। এই প্রসঙ্গে রোনালদোকে তার সতীর্থদের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভালো দলের জন্য সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক জরুরি নয়। ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময়ে রিও ফার্দিনান্দ, পল স্কোলসদের সঙ্গে তার সম্পর্ক সর্বোচ্চ শুভ সকাল বলা পর্যন্ত ছিল। সেই দলের সদস্য রিও এই বক্তব্যে বেশ অবাক হয়েছেন। তিনি বলেন, সে আমার বিষয়ে এই কথা বলেছে! ম্যানচেস্টারে সে আমার পাশের বাসায় থাকতো। আমার রান্নাটা অবশ্য পছন্দ করতো না। 
 
রোনালদোর সঙ্গে যে ‘শুভ সকাল’ বলা ছাড়াও আরো অনেক কিছু হতো সেটা উল্লেখ করে ফার্দিনান্দ বলেন, আমি ড্রেসিং রুমে রোনালদোকে নিয়ে অনেক মজা করতাম। সে যখন টাইট জিন্স পড়ে আসতো তখন আমরা তাকে নিয়ে হাসাহাসি করতাম। রোনালদোর এই কথার একটা ব্যাখ্যাও দিয়েছেন সাবেক এই ইংলিশ ডিফেন্ডার। তিনি বলেন, এই প্রেস কনফারেন্সই বোঝাচ্ছে রোনালদো কতো বেশি প্রতিদ্বন্দিতাপূর্ণ। এই মুহুর্তে সবাই বার্সেলোনাকে নিয়ে কথা বলছে এবং সেটা সে পছন্দ করছে না। গোল.কম।