দেড় লাখ ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৮
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে পৃথক অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক মো. আয়াজ উদ্দীনকে (২০) আটক করা হয়। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। তিনি আকিয়াব জেলার মংডু থানার পেরানপুরু গ্রামের আবদুল জলিলের ছেলে।
 
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বুধবার মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান নিয়ে দেশে ঢুকার খবর পেয়ে তার নেতৃত্বে বিজিবির একটি দল টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া সংলগ্ন নাফ নদীতে অবস্থান করে। পাচারকারীরা নৌকা নিয়ে বিজিবির কাছাকাছি পৌঁছলে তাদের থামানোর সংকেত দিলে তারা পালিয়ে যাবার চেষ্টাকালে একটি কাঠের নৌকাসহ ওই মিয়ানমার নাগরিককে আটক করে। পরে নৌকা থেকে ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। যার দাম ৩০ লাখ টাকা। 
 
এছাড়া একই দিন আরেকটি ইয়াবার চালান আসার গোপন সংবাদ পেয়ে সেখানে প্যারাবনে অবস্থান করে বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে তাদের ফেলে যাওয়া একটি পলিথিন ব্যাগ থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবার দাম ৪ কোটি ৮০ লাখ টাকা। 
 
তিনি আরো জানান, নদীতে মাছ শিকারের নাম দিয়ে ইয়াবা পাচার করার সময় ১ লাখ ৬০ হাজার পিস উদ্ধার ইয়াবাগুলো আপাতত ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে- এ কথা জানিয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, 'উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে। ১০ হাজার পিস ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে বৈদশিক ও মাদক মামলা রুজু করে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।'